
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ জুন) রাতে ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা জহির শেখ দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি ভুক্তভোগীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ওই নারী থানায় মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
Leave a Reply