
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। উলা গ্রামে ১১ জুলাই রাতে এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, ওয়ার্ড বিএনপির সভাপতি তবিরন মোল্লার অনুসারীরা ওইদিন রাতে বউবাজার থেকে বাড়ি ফেরার পথে আলমগীর হোসেনের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষ গ্রুপ তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আহতরা হলেন: জুয়েল মোল্লা (৩৫), শরিফুল (৩৮), জাকির (৪০), সিনবাদ (৩২) ও বাবু কাজী (৩৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবু কাজীকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
১৪ জুলাই, আহত জুয়েলের স্ত্রী সুবর্ণা আক্তার বনানী ৩৫ জনের নাম উল্লেখ করে ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৬)। মামলার প্রধান আসামি এনায়েত লস্কার পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ওসি শরিফুল ইসলাম জানান, “১৩ জুলাই রাত ১২টার পর মামলা রেকর্ড করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।
Leave a Reply